■ পর্যটন বিচিত্রা প্রতিবেদক
পর্যটন বিষয়ক শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) হয়ে উঠেছে আঞ্চলিক পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র । এ বছর আগামী ১৭-১৯ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে এই আয়োজন অনুষ্ঠিত হবে । দেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের মেলায় অন্তত ৩০০ টি প্রদর্শনী স্টলে ১৫টি দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ এশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, থিম পার্ক, ক্রুজ অপারেটর এবং পর্যটন সংস্থাগুলো এতে অংশ নেবে। ফলে এটিএফ ঢাকা ২০২৬ বাংলাদেশের পর্যটন খাতে আন্তর্জাতিক সংযোগ, ব্যবসায়িক সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার অন্যতম বড় প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে।
পিছন ফিরে দেখা
বর্তমানে এশিয়ান ট্যুরিজম ফেয়ার নামে পরিচিত এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে “ঢাকা ট্যুরিজম ফেয়ার (ডিটিএফ)” নামে। দেশের জনপ্রিয় পর্যটন ম্যাগাজিন পর্যটন বিচিত্রা “নিজে দেখো-নিজের দেশ” স্লোগানে প্রথম মেলাটি আয়োজন করে। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সেই উদ্বোধনী আয়োজনে প্রায় ৮০টি পর্যটন প্রতিষ্ঠান অংশ নেয়।
পরবর্তীতে মেলাটি ধীরে ধীরে আন্তর্জাতিক রূপ লাভ করে এবং ২০১১ সালে “এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)” নামে পুনঃব্র্যান্ডিং করা হয়। সে বছর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্ৰ (বিআইসিসি)-এ অনুষ্ঠিত মেলায় আটটি দেশের অংশগ্রহণে ১৬০টি স্টল ছিল। “আঞ্চলিক পর্যটনের সঙ্গে সংযোগ স্থাপন” ছিল সেই আয়োজনের মূল প্রতিপাদ্য।
এর ধারাবাহিকতায় ২০১২ সালে ১৭টি দেশের ২২০টি স্টল নিয়ে এটিএফ আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর আঞ্চলিক পর্যটন মেলায় পরিণত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৮-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১২তম মেলায় বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ২০০টি পর্যটন প্রতিষ্ঠান অংশ নেয়।
এশিয়ান ট্যুরিজম ফেয়ার নিয়মিতভাবে দেশের শীর্ষ পর্যটন সংগঠনগুলোর অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা), ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব), ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) ও বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বটোয়া)।
তিনদিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিটুবি (বি২বি) মিটিং, গন্তব্য উপস্থাপনা, পর্যটন বিষয়ক ফোরাম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেটওয়ার্কিং সেশন।
আয়োজকদের মতে, এবারের মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ ও আঞ্চলিক পর্যটন সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এটিএফ কর্তৃপক্ষের দাবি, দেশের পর্যটন সচেতনতা বৃদ্ধি, অভ্যন্তরীণ পর্যটনের প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মেলার বিস্তারিত তথ্য জানতে- বাণিজ্যিক কার্যালয় : বাড়ি ৯৭/১, ২য় তলা (২-বি), শুক্রাবাদ, ঢাকা-১২০৭
উত্তরা অফিস : সেক্টর-১, রোড-৩, হাউজ-১, উত্তরা, ঢাকা ।
মোবাইল : ০১৮১৯ ২২৪৫৯৩
ফোন : +৮৮০২-২২২২৪২৯৪৪
ইমেইল : [email protected]
ওয়েব: www.asiantourismfair.com












