লেখক: মোঃ মনিরুজ্জামান (পর্যটন প্রতিনিধি)
‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। হোটেল শৈবালসংলগ্ন সৈকত এলাকায় প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজন করা হচ্ছে দেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রসৈকতভিত্তিক এই কার্নিভাল। দর্শনার্থীদের টিকিট সংগ্রহ ও বিভিন্ন বিনোদনমূলক অভিজ্ঞতা বুকিংয়ের জন্য এক্সক্লুসিভ অনলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড।
এ উপলক্ষে কার্নিভালের আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড এবং টিকিফাই লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেলবাউন্ড নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাদেকুল আরেফীন এবং টিকিফাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজিত এই কার্নিভালে থাকছে পর্যটক ও দর্শনার্থীদের জন্য নানা ধরনের বিনোদন, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারভিত্তিক আয়োজন। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, চিত্রকর্ম ও কারুশিল্প প্রদর্শনী, খাবারের আয়োজন, কেনাকাটা, শিশুদের বিনোদন, মিনি গলফ, গো-কার্টিং, বিভিন্ন খেলাধুলা এবং ক্যাম্পিংয়ের সুযোগ। বিশেষ আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী পল ও রেমি হগার্ডও তাঁদের শিল্পকর্ম নিয়ে এই আয়োজনে অংশ নেবেন।
আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের প্রচলিত পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বিনোদন ও অবকাশযাপনের আরও বৈচিত্র্যময় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কারুশিল্পী এবং পর্যটনসংশ্লিষ্ট সেবাদানকারীদের ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, টিকিফাই কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং, বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রমের বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬ থেকে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে টিকিট সংগ্রহ এবং প্রবেশসেবা চালু হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত মূল্য অনুযায়ী, সাধারণ দর্শনার্থীদের জন্য একবার প্রবেশের টিকিটের দাম ২০০ টাকা এবং একই দিনে একাধিকবার প্রবেশের পাসের মূল্য ৫০০ টাকা। তবে কার্নিভালের নির্দিষ্ট কিছু বিনোদনমূলক অভিজ্ঞতা ও বিশেষ কার্যক্রম উপভোগ করতে আলাদা টিকিট সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়; বরং দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তোলার একটি সম্ভাবনাময় উদ্যোগ। এ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন আকর্ষণ বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির গতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং সৃজনশীল শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।











