■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোনসহ পুরো এয়ারসাইড এলাকায় চলাচলকারী সব সরকারি ও বেসরকারি যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দরের সংবেদনশীল এলাকায় যানবাহনের অবস্থান, গতি ও চলাচলের পথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় এয়ারসাইডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বাড়তি ঝুঁকি তৈরি হয়।
বেবিচক সূত্র জানায়, ইতোমধ্যে কর্তৃপক্ষের প্রায় ৮০টি গাড়িতে ভিটিএস স্থাপন করা হয়েছে। ইউএস-বাংলাসহ কয়েকটি এয়ারলাইনসও তাদের কিছু যানবাহনে এ প্রযুক্তি চালু করেছে। এ নির্দেশনা এয়ারলাইনসের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো, ক্যাটারিং ও অন্যান্য সেবাপ্রতিষ্ঠানের যানবাহনের জন্যও প্রযোজ্য।
ভিটিএস চালু হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে যানবাহনের অবস্থান ও গতিবিধি রিয়েল টাইমে দেখা যাবে। নির্ধারিত রুট থেকে বিচ্যুতি কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিক সতর্কবার্তা পাওয়া যাবে, যা দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।
আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থাকায় এয়ারসাইড নিরাপত্তা জোরদারে ভিটিএস কার্যকর করার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থা পুরোপুরি চালু হলে বিমানবন্দরের যানবাহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরও সুশৃঙ্খল হবে।












