■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
দীর্ঘ ৬ বছরের বিরতি শেষে আবারও সরব হতে যাচ্ছে বরিশালের ব্যবসা-বাণিজ্য অঙ্গন। বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে। এ আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমনের সম্মতিতে এবার নতুন আঙ্গিকে ও ভেন্যুতে মেলার আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, নগরীর পরশ সাগর মাঠে বসবে এবারের জমজমাট এ মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের মন্ত্রী, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চেম্বার সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২০ সালে বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল। তবে সে সময় নানা অনিয়ম, স্টল বরাদ্দ নিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে মেলাটি প্রত্যাশিত সফলতা পায়নি। এতে অনেক আগ্রহী ব্যবসায়ী শেষ পর্যন্ত অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
এবার সেই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে মেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়েদুল হক চাঁন বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মে থেকেই মেলা শুরু হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে।












