বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তারা বাংলাদেশের এভিয়েশন বা বিমান চলাচল খাতকে আধুনিকায়ন করতে স্বচ্ছতা, সুশাসন এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও জনস্বার্থমুখী করতে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি খাতজুড়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী মিল্লাত দুর্নীতি দূরীকরণ এবং বিমানবন্দর সেবা উন্নয়নের লক্ষ্যে নিজের উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, “টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া, লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়ন এবং অবতরণের পর দীর্ঘ সময় লাগেজের জন্য অপেক্ষায় থাকার মতো সমস্যাগুলো কমাতে কাজ করবে সরকার।”
প্রতিমন্ত্রী বলেন, “আমরা শুনেছি, কখনো কখনো বিমানের আসন খালি থাকলেও অনলাইনে টিকিট বিক্রি শেষ দেখানো হয়। আমরা এ ধরনের সিন্ডিকেট নির্মূল করে টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করব।”
লাগেজ পেতে দেরি হওয়া ও চুরির ব্যাপারে ব্যাপক অভিযোগের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “প্রবাসী শ্রমিকদের বিমানবন্দরে কোনো ধরনের দুর্নীতির মুখোমুখি হতে হবে না। লাগেজ থেকে কোনো চুরি হবে না। আমরা লাগেজ সরবরাহের সময় কমিয়ে আনার জন্য কাজ করছি, যাতে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে কনভেয়ার বেল্ট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের লাগেজ পেয়ে যান।”
বিমান চলাচল খাতে সংস্কারের পাশাপাশি দেশের পর্যটন খাত উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “বিমান চলাচল খাতে সংস্কারের পাশাপাশি আমরা পর্যটন খাতের উন্নয়নেও গুরুত্ব দেব। পর্যটন খাতকে এগিয়ে নিতে এবং সার্বিক সেবার মান উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।”
প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।












