■ পর্যটন বিচিত্রা ডেস্ক
নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা খানম রীতা। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটসমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর পান ৬৪ হাজার ২৪২ ভোট। ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৩ হাজার ১০৩। ১৫১ কেন্দ্রের মধ্যে ১৪৮টিতে এগিয়ে থেকে যে ফল তিনি উপহার দিয়েছেন, তা দেশের সাম্প্রতিক নির্বাচনি ইতিহাসে নারী নেতৃত্বের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আফরোজা খানম রিতা ৪ এপ্রিল ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মন্ত্রী, মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু এবং মাতা হুরন নাহার রশিদ।
আফরোজা খানম রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।












