■ পর্যটন বিচিত্রা ডেস্ক
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুরের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। ৭৫ হাজার ৮৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর জাতীয় পর্যায়ে তার এই মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। তিনি জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।












