■ পর্যটন বিচিত্রা ডেস্ক
বেসামরিক বিমান চলাচল খাতে নতুন যুগের সূচনা করতে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ চূড়ান্তকরণের লক্ষ্যে সভার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশোধিত নোটিশে সভাটি গত রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ অধিশাখা থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, দীর্ঘদিন ধরে কার্যকর থাকা দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪ প্রতিস্থাপনের উদ্যোগের অংশ হিসেবেই নতুন এই বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।
সংশোধিত সূচি অনুযায়ী, সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের ২০ তলার ভবন নং-০৬ এর কক্ষ নং-১৯১৫-এ অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে। এতে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এছাড়া সভায় উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অংশীজনকে নির্ধারিত সময় অনুযায়ী সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, নতুন বিধিমালা প্রণয়ন হলে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।











