■ পর্যটন বিচিত্রা ডেস্ক
দেশের বিমান চলাচলের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এমটি গ্রান কুভা নামের জাহাজটি গত শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম বন্দরে নোঙর করে। বিদ্যমান জ্বালানি সরবরাহ চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠান ইউনিপেক এই চালান সরবরাহ করেছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ সূচিতে কিছু অনিশ্চয়তা থাকলেও এই চালান সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, এই জেট ফুয়েল দেশের বিভিন্ন বিমানবন্দরে সরবরাহ করা হবে।
কর্মকর্তারা জানান, চলতি মাসে এটি দেশে আসা নবম তেলবাহী জাহাজ, এবং নির্ধারিত আমদানি পরিকল্পনার আওতায় আরও কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে।












