■ পর্যটন বিচিত্রা ডেস্ক
ভারত ভ্রমণ সহজ করতে শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। গত শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, সরকারনির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।












