■ পর্যটন বিচিত্রা ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক। আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পার্কে যুক্ত হয়েছে নতুন তিনটি সিংহ। আর এই নতুন অতিথিদের দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে একটি পুরুষ ও দুটি স্ত্রী সিংহ আনা হয়েছে। নতুন এই তিনটি সিংহসহ বর্তমানে পার্কে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে ৫টি। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা কোর সাফারি জোনে এই নতুন সিংহগুলোকে দেখার সুযোগ পাচ্ছেন।
দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পার্কের পরিবহন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বর্তমানে পার্কে রয়েছে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ মিনিবাস, যার মাধ্যমে পর্যটকরা কোর সাফারি এলাকা ঘুরে দেখতে পারছেন।
জানা গেছে, পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে মাত্র ১০ টাকায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া ভেতরে বিভিন্ন সংরক্ষিত প্রাণী এলাকা ঘুরে দেখতে আলাদা টিকিট সংগ্রহ করতে হয়।
পার্কের অন্যতম প্রধান আকর্ষণ আফ্রিকান কোর সাফারি জোন যেখানে সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, বিভিন্ন প্রজাতির হরিণ, নীলগাই, বনগরুসহ নানা বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পর্যটকরা বাসে বসেই এসব প্রাণী খুব কাছ থেকে দেখার সুযোগ পান। এই ভ্রমণের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এছাড়া পার্কে থাকা ‘নাইন ডি থিয়েটার’-এ দর্শনার্থীরা প্রাণী ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক তথ্যচিত্র উপভোগ করতে পারেন, যা শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয়। সংশ্লিষ্টরা জানান, নতুন অতিথি তিন সিংহ, উন্নত ভ্রমণ সুবিধা ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে গাজীপুর সাফারি পার্ক ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।












