■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সৌদি আরবে ভ্রমণকারী পর্যটকদের জন্য চালু রয়েছে ট্যাক্স-ফ্রি শপিং সুবিধা, যার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কেনাকাটার ওপর পরিশোধিত ভ্যাট ফেরত পাওয়া যাবে। দেশটির তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভ্যাট রিফান্ড সুবিধা কার্যকর রয়েছে।
ভ্যাট রিফান্ড পাওয়া যাবে— দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট; জেদ্দার কিং আবদুলআজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
ভ্যাট রিফান্ডের শর্ত
সৌদি আরবে ট্যাক্স-ফ্রি শপিং সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত দোকান থেকে কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য। ভ্যাট ফেরত পেতে ন্যূনতম ইনভয়েস মূল্য হতে হবে ৫০০ সৌদি রিয়াল। একই দোকান থেকে একই দিনে সর্বোচ্চ তিনটি ইনভয়েস একত্র করে এই ন্যূনতম অঙ্ক পূরণ করা যাবে।
কারা ভ্যাট রিফান্ড পাবেন
ভ্যাট রিফান্ড পেতে হলে পর্যটককে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। তিনি সৌদি নাগরিক বা দেশটির স্থায়ী বাসিন্দা হতে পারবেন না। কেনাকাটার তারিখে তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কোনো ফ্লাইট, বিমান, জাহাজ বা অন্য কোনো পরিবহনের ক্রু সদস্য হলে এই সুবিধা প্রযোজ্য হবে না। পাশাপাশি ভ্যাট ফেরত পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো তালিকায় তার নাম থাকা চলবে না।
যেসব পণ্য ভ্যাট রিফান্ডের আওতায়
ভ্যাট রিফান্ড প্রযোজ্য হবে অনুমোদিত দোকান থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা পণ্যের ক্ষেত্রে, যা কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এসব পণ্য সৌদি আরবের ভেতরে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যবহার বা ভোগ করা যাবে না এবং দেশ ছাড়ার সময় পর্যটকের ব্যক্তিগত লাগেজের সঙ্গে বহন করতে হবে। পণ্য কেনার তারিখ থেকে সৌদি আরব ত্যাগের সময়সীমা সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে হতে হবে।
তবে ভ্যাট রিফান্ডের বাইরে থাকবে— যানবাহন, নৌযান ও উড়োজাহাজ; তেল, গ্যাস ও এদের উপপণ্য; তামাকজাত পণ্য ও এর বিকল্পসমূহ। এছাড়া হোটেল সেবা, রেস্টুরেন্টে খাবার ও পানীয়সহ যেকোনো ধরনের সেবার ওপর ভ্যাট রিফান্ড প্রযোজ্য নয়।
কেনাকাটার সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা
ট্যাক্স-ফ্রি শপিং সুবিধা পেতে কেনাকাটার সময় অনুমোদিত দোকানের কর্মীদের কাছে পাসপোর্ট (বা গালফ দেশের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র) কিংবা তার ইলেকট্রনিক কপি দেখাতে হবে। শুধুমাত্র যিনি দোকানে মূল্য পরিশোধ করবেন, তিনিই ট্যাক্স-ফ্রি শপিং ফরম চাইতে এবং ভ্যাট রিফান্ড পেতে পারবেন।
বিমানবন্দরে কাস্টমস যাচাই ও আবেদন
সৌদি আরব ছাড়ার সময় নির্ধারিত বিমানবন্দর ও প্রস্থান পয়েন্টে গ্লোবাল ব্লু সেলফ-চেকআউট মেশিনে গিয়ে ভ্যাট রিফান্ড আবেদন জমা দিতে হবে এবং ট্যাক্স-ফ্রি শপিং ফরম যাচাই করাতে হবে। পণ্য কেনার তারিখ থেকে রিফান্ড আবেদন অনুমোদনের সময়সীমা সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে হতে হবে।
যাচাইয়ের সময় পর্যটককে তার কেনা পণ্য, ট্যাক্স ইনভয়েস, মূল পাসপোর্ট এবং ভ্রমণসংক্রান্ত কাগজপত্র (বোর্ডিং পাস বা টিকিট) সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য ও ইনভয়েস পরীক্ষা করতে পারে। এ কারণে পণ্যগুলো চেকড লাগেজে পাঠানো না করে হাতে বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্যাট রিফান্ড পাওয়ার পদ্ধতি
রিফান্ড ফরম যাচাইয়ের সময় পর্যটককে রিফান্ড গ্রহণের পদ্ধতি নির্বাচন করতে হবে। বিদেশে ইস্যু করা ক্রেডিট বা ডিজিটাল কার্ডের মাধ্যমে রিফান্ড নিতে চাইলে কার্ডটি সোয়াইপ করতে হবে এবং সাধারণত তিন কর্মদিবসের মধ্যে অর্থ কার্ডে জমা হবে। তবে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের কারণে কিছু ক্ষেত্রে দেরি হতে পারে।
নগদ রিফান্ড নিতে চাইলে পাসপোর্ট কন্ট্রোল পার হওয়ার পর নির্ধারিত অনুমোদিত রিফান্ড অফিসে যেতে হবে। সৌদি আরবে একজন পর্যটক দিনে সর্বোচ্চ ৫ হাজার সৌদি রিয়াল পর্যন্ত নগদ ভ্যাট রিফান্ড নিতে পারবেন।
সার্বিকভাবে, সৌদি আরবে ভ্রমণরত পর্যটকদের জন্য ট্যাক্স-ফ্রি শপিং ব্যবস্থা কেনাকাটাকে আরও সুবিধাজনক করে তুলেছে, তবে ভ্যাট ফেরত পেতে নির্ধারিত নিয়ম ও সময়সীমা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গ্লোবাল ব্লু












