■ পর্যটন বিচিত্রা ডেস্ক
পবিত্র ঈদ উল ফিতর-এর পর দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দেশের অন্যতম পর্যটন অঞ্চল সিলেটে নেমেছে ভ্রমণপিপাসু মানুষের ঢল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে হাজারো মানুষ ছুটে যাচ্ছেন সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে। ফলে পুরো অঞ্চলজুড়েই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ভোলাগঞ্জ সাদা পাথর, জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, শ্রীমঙ্গল এবং সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের কোলাহলে মুখর থাকে এসব স্পট। অনেক জায়গায় পা ফেলারও জায়গা মিলছে না বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ঘুরতে আসা শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ২০০৭ ব্যাচ-এর কয়েকজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, প্রকৃতির এমন অপরূপ রূপ আগে খুব কমই দেখা হয়েছে। সাদা পাথর আর স্বচ্ছ পানির মাঝে দাঁড়িয়ে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। সারাদিন পানিতে ও পাথরের ওপর কাটিয়েও মন ভরে না। চারপাশের পাহাড় আর নদীর স্রোত এক মায়াবী পরিবেশ তৈরি করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
তবে এই আনন্দঘন পরিবেশের মাঝেও রয়েছে কিছু অসন্তোষ। পর্যটকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অতিরিক্ত দোকানপাট প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। পাশাপাশি নৌকা ভাড়ায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করেন দর্শনার্থীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদ পরবর্তী সময়ে পর্যটকের চাপ সামাল দিতে প্রয়োজন কার্যকর ব্যবস্থাপনা, মনিটরিং ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ। তা না হলে এই অপার প্রাকৃতিক সৌন্দর্য হারানোর আশঙ্কা রয়েছে।












