■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ছুটি রিসোর্ট কক্সবাজারের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীর বনানীতে অবস্থিত ছুটি হাউজে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানবিক এই উদ্যোগে ছুটি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিনিয়োগকারী, ক্লায়েন্ট এবং শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক সেবার মাধ্যমে জীবন রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামান্না মীম, ডিরেক্টর, ছুটি গ্রুপ ও হেড অব সিএসআর। তিনি বলেন, “রক্তদান মানবতার এক অনন্য উদাহরণ। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ছুটি রিসোর্ট কক্সবাজার ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবে।”
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছুটি রিসোর্ট কক্সবাজার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।
কর্মসূচিতে ছুটি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, ক্লায়েন্ট, বিনিয়োগকারী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ছুটি রিসোর্ট কক্সবাজার বিশ্বাস করে, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, সহমর্মী ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।












