■ পর্যটন বিচিত্রা ডেস্ক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ট্যুর অপারেটর ‘গ্রিন হলিডেজ ট্যুরস’ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)-এ বেস্ট ডোমেস্টিক ট্যুর অপারেটর ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামান-এর কাছ থেকে গ্রিন হলিডেজ ট্যুরস-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন মহিউদ্দিন হেলাল এবং বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার পর্যটন খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের কার্যকর হাতিয়ার হিসেবেও বিবেচনা করছে। এ লক্ষ্য সামনে রেখে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনায় ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে নীতি-সংস্কার প্রস্তাব আহ্বান করেন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পর্যটন অবকাঠামো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার অর্জনের পর প্রতিক্রিয়ায় বোরহান উদ্দিন বলেন, এই স্বীকৃতি শুধু একটি অর্জন নয়, বরং ভ্রমণপ্রেমী পর্যটক, সহযোগী প্রতিষ্ঠান এবং আমাদের নিবেদিতপ্রাণ টিমের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন।
তিনি টোয়াবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে, উন্নত সেবা দিতে এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।












