■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ভ্রমণ সাহিত্য, আলোকচিত্র ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশ বিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ)। শনিবার (৯ মে) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তি ও একটি ভ্রমণ সাহিত্য পত্রিকাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার’ পান ভ্রমণ সাহিত্য লেখক মাহফুজুর রহমান; ‘রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড’ অর্জন করেন অ্যাডভেঞ্চার লেখক মুনতাসির মামুন; ভ্রমণ আলোকচিত্রে অবদানের জন্য ‘সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার’ দেওয়া হয় আলোকচিত্রী মুস্তাফিজ মামুনকে।
এছাড়া ‘বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর’ হিসেবে সম্মাননা পান সৃজনশীল নকশাবিদ আনিসুজ্জামান সোহেল; ‘সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা’ নির্বাচিত হয় ভ্রমণগদ্য— যার সম্পাদক মাহমুদ হাফিজ। পাশাপাশি ‘সেরা ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে পুরস্কৃত হন সালাহউদ্দীন সুমন।
যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, ‘সাধারণত গুণী মানুষদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা মনে করি, একজন মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশাতেই হওয়া উচিত।’
সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন ‘ভ্রমণ শুধু বিনোদন নয়, এটি মানুষকে নতুন সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের সঙ্গে সংযুক্ত করার এক অনন্য মাধ্যম। আর সেই অভিজ্ঞতাকে শব্দে, ছবিতে ও অনুভূতিতে জীবন্ত করে তোলেন আমাদের ট্রাভেল রাইটাররা।’
তিনি বলেন, ‘একজন ট্রাভেল রাইটার কেবল একজন লেখক নন; তিনি একজন গল্পকার, সংস্কৃতির দূত এবং পর্যটনের অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের লেখনী অজানা গন্তব্যকে পরিচিত করে, স্থানীয় ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে এবং নতুন প্রজন্মকে ভ্রমণ ও অনুসন্ধানে উদ্বুদ্ধ করে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম শফিকুজ্জামান, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোভন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাকের সঞ্চালনায় পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে প্রতি দুই বছর অন্তর এই পুরস্কার প্রদান অব্যাহত থাকবে জানানো হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের উপহার সামগ্রী প্রদান করেছে মে ফেয়ার, সেভেন ডে’স নোট এবং ফোর হুইলস।












