■ পর্যটন বিচিত্রা ডেস্ক
দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। গত সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এর প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। সারা বাংলাদেশে বর্তমানে ১ হাজার ৭৪২টি পর্যটন স্পট শনাক্ত করা হয়েছে, যার অর্থ দেশের প্রতিটি জেলাতেই পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের জেলা প্রশাসকরা তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ের এই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি।’
এ সময় মন্ত্রী মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘প্রতিটি জেলা প্রশাসক নিজ নিজ এলাকায় পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। একটি নতুন পর্যটন স্পট বা একটি সৃজনশীল উদ্যোগ জেলার অর্থনীতি বদলে দিতে পারে। বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরার মূল দায়িত্ব আপনাদের কাঁধেই।’
অধিবেশনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা দেশের ঐতিহ্য রক্ষা এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও পর্যটন বিকাশে স্থানীয় প্রতিবন্ধকতা ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।












