■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ৫ কোটি ৫৭ লাখ পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার একটি পর্যটন মেগা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) সংসদে জামালপুর-২ আসনের সদস্য সরকারি দলের এ. ই. সুলতান মাহমুদ বাবুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, পর্যটন মেগা পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে ৫৫.৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ২.১৯ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২০৪০ মেয়াদি ‘ট্যুরিজম মেগা প্ল্যান’ প্রণয়ন করা হচ্ছে, যেখানে খাতটির জন্য একটি সুস্পষ্ট বিনিয়োগ রোডম্যাপ অন্তর্ভুক্ত থাকবে।
দক্ষতা উন্নয়ন বিষয়ে তিনি বলেন, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ পর্যন্ত ১ হাজার ৯৪৩ জন ট্যুর অপারেটর, ১ হাজার ২১৫ জন ট্যুর গাইড এবং ১ হাজার ৫২৭ জন স্ট্রিট ফুড বিক্রেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ৩ হাজার ৮৫ জনকে পর্যটন স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে।
বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। এটি সংস্থাটির ইতিহাসে অন্যতম বড় বহর সম্প্রসারণ উদ্যোগ এবং দেশের বেসামরিক বিমান চলাচল খাতের প্রবৃদ্ধিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
৩০ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। এতে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ সংস্থার পক্ষে এবং বোয়িংয়ের বিক্রয় ও বিপণন বিভাগের সহ-সভাপতি পল রিঘি প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য দেন।
পদ্মা নদীর চরাঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ার সম্ভাবনার কথা জানালেন পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কুষ্টিয়ার কুমারখালী ও হরিপুর এলাকায় গড়াই নদী ও পদ্মা নদীর মোহনা সংলগ্ন বিস্তীর্ণ চরাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, নদীমাতৃক পরিবেশ এবং বিস্তৃত বালুচরের কারণে সম্ভাবনাময় পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে।
তিনি বলেন, কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদীর সেতু সংলগ্ন এলাকা এবং হরিপুরের পদ্মা নদীর বড় চর অঞ্চল- এই দুই স্থানই নিকটবর্তী জনবসতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। গত বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের (বিরোধী দলীয়) সদস্য মো. আমির হামজার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আফরোজা খানম জানান, কুমারখালী এলাকায় গড়াই নদী ও পদ্মার মোহনা এবং আশপাশের চরাঞ্চল ইতোমধ্যে জনপ্রিয় পিকনিক ও ডে-ট্যুর স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয়দের ভাষায় এই এলাকাকে ‘মিনি কক্সবাজার’ বলা হয়। এখানে নৌকা ভ্রমণ, সূর্যাস্ত উপভোগ এবং স্থানীয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগ রয়েছে।
মন্ত্রী জানান, এখনো কোনো চূড়ান্ত প্রকল্প অনুমোদন হয়নি। তবে বাংলাদেশ পর্যটন করপোরেশন, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হবে। এতে নদীভাঙন ও বন্যা ঝুঁকি, পরিবেশগত প্রভাব, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটক আকর্ষণের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।
ভ্রমণ নিরাপদ করতে জরাজীর্ণ রেললাইন আধুনিক করা হচ্ছে: রেলমন্ত্রী
সারা দেশে রেল দুর্ঘটনা কমাতে জরাজীর্ণ রেললাইন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ সংস্কার ও পুনর্বাসনের মাধ্যমে রেল ভ্রমণ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে, যা রেল পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারের জন্য ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সিদ্ধান্তই বহাল থাকছে
অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটকদের জন্য বছরে তিন মাস সেন্টমার্টিন দ্বীপ খোলা রাখা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখতে যাচ্ছে বর্তমান সরকার। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ৯ মাস সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার সেখানে গমনাগমনে কড়াকড়ি আরোপ করে। বছরে তিন মাস পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয় দ্বীপটি। প্রতিদিন অনধিক দুই হাজার পর্যটককে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেয়া হয়। আর এই তিন মাসে পর্যটনের ফলে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য যে ক্ষতির সম্মুখীন হয় তা পুনরুদ্ধারের জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাস দ্বীপে পর্যটন বন্ধ রাখা হয়।
মন্ত্রী বলেন, ‘সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ রাখার কারণে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল।’
এই সিদ্ধান্তের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘তিন মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্টমার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে। সুতরাং উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল সংশ্লিষ্ট স্থান এবং বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য এবং সেন্টমার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে।’
বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করবে সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে সরকার বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ আকাশপথে সংযোগ জোরদার এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, নেভিগেশন সেবা প্রদানকারী স্থাপনা, বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত ঘাঁটি এবং পুরোনো স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ (এসটিওএল) সুবিধাসহ মোট ১৭টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী—এই ছয়টি এসটিওএল বিমানবন্দর বর্তমানে বন্ধ বা কম ব্যবহৃত অবস্থায় রয়েছে। তবে, কুমিল্লা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট না থাকলেও এটি বিদেশি উড়োজাহাজের নেভিগেশন সেবা প্রদান করছে। ঢাকার তেজগাঁও বিমানবন্দর যাত্রীসেবা প্রদান করে না এবং বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করছে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ উন্নয়নের মাধ্যমে বিভাগীয় ও জেলা শহরগুলোকে ধাপে ধাপে আকাশপথে সংযুক্ত করে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। জনচাহিদার প্রেক্ষিতে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটন উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করবে ‘ইউটিএসএসওবি’
দেশের পর্যটন খাতের উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা দিতে যাত্রা শুরু করেছে থিঙ্কট্যাঙ্ক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি)। প্রয়োজনভিত্তিক গবেষণা, নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এর নেতারা।
সরকারের নিবন্ধন পাওয়ার পর গত ২৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সংগঠনটির প্রথম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডারকে একত্রিত করে একটি নিরপেক্ষ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভ্রমণ গল্পে ১০ স্বল্পদৈর্ঘ্য সিনেমার উদ্যোগ
গল্পবলা ও প্রতিভা অনুসন্ধানকে একসঙ্গে যুক্ত করে ভ্রমণভিত্তিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি তৈরির এই প্রজেক্টের উদ্যোগ নিয়েছে ‘মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রজেক্ট মূলত দুইটি অংশে বিভক্ত। প্রথমত দেশব্যাপী অভিনয়শিল্পী অন্বেষণ কার্যক্রম হবে ‘ফেস অব টুমরো’ অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে অভিনয়ের জন্য নতুন প্রতিভা তুলে আনা হবে।
নির্বাচিত নতুন মুখদের নিয়ে আয়োজিত হবে ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্প। সেখানে অভিনয় ও ক্যামেরা পারফরম্যান্সসহ পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। এই নতুন শিল্পী নির্বাচন ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান।
আর দ্বিতীয় অংশে সেই নির্বাচিত নতুন মুখদের নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এসব সিনেমা নির্মিত হবে দেশের অপেক্ষাকৃত অপ্রচলিত লোকেশনে। বিপুল সম্ভাবনা থাকলেও যেসব স্থান ভ্রমণের গন্তব্য হিসেবে অতটা জনপ্রিয় নয়। দশটি সিনেমার প্রতিটির দৈর্ঘ্য হবে ২০ মিনিট।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রচার হবে দেশের একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে। পরবর্তী সময়ে মুক্তি পাবে ‘চলো ঘুরে আসি’ নামক ইউটিউব চ্যানেলে।
আয়োজক প্রতিষ্ঠান ‘মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’ জানিয়েছে, ‘চলো ঘুরে আসি’ প্রজেক্টের মাধ্যমে দেশের অদেখা গন্তব্যগুলোকে তুলে ধরা হবে। এছাড়াও ‘ফেস অব টুমরোর’ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি চলবে ৩১ মে পর্যন্ত।
বিমানের টিকিট ছাড়াই আবুধাবি বিমানবন্দরের ডিউটি-ফ্রি জোনে প্রবেশের সুযোগ
আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এক নতুন উদ্যোগ চালু করেছে, যার আওতায় সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দারা বিমানের টিকিট ছাড়াই সর্বোচ্চ পাঁচ ঘণ্টার জন্য বিমানবন্দরের ডিউটি-ফ্রি এলাকায় প্রবেশ করে কেনাকাটা ও খাওয়া-দাওয়া উপভোগ করতে পারবেন।
এই সুবিধা পেতে আগ্রহীদের বিমানবন্দরের ওয়েবসাইটে আগাম নিবন্ধন করে একটি ভিজিটর এন্ট্রি পাস সংগ্রহ করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে একটি কিউআর কোডযুক্ত ডিজিটাল পাস ইস্যু করা হবে, যা প্রবেশদ্বার, অংশগ্রহণকারী দোকান এবং বহির্গমন চেকপয়েন্টে উপস্থাপন করতে হবে। তবে সাধারণ বিমানবন্দর নিরাপত্তা পদ্ধতি সবার জন্য বাধ্যতামূলক থাকবে।
এই উদ্যোগে কেবল সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বৈধ বাসিন্দারা অংশ নিতে পারবেন। ১৮ বছরের কম বয়সী শিশুদের সর্বদা প্রাপ্তবয়স্কদের সঙ্গে থাকতে হবে। সব পরিদর্শন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগাম বুকিং করতে হবে এবং একই দিনে পরিবর্তন করতে হলে +৯৭১ ২ ৮০৫ ৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে হবে।
বন্ধের পথে ভারতের একাধিক উড়োজাহাজ সংস্থা
মধ্যপ্রাচ্য সংকট ভারতের উড়োজাহাজ খাতে বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। দেশটির সরকার অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এটিএফের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলেও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এ দাম লিটারপ্রতি ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
অনেক উড়োজাহাজ সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, জ্বালানির উচ্চমূল্যের কারণে তারা ‘কার্যক্রম বন্ধ’ করে দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়াসহ অন্তত ৩টি এয়ারলাইনস সরকারকে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম পুনর্বিবেচনা করতে বলেছে।
রবিবার (২৬ এপ্রিল)দেশটির বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) বলেছে, জ্বালানির অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা নিয়মবহির্ভূত দাম নির্ধারণ উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। এর ফলে উড়োজাহাজগুলো বসিয়ে রাখতে হবে এবং অসংখ্য ফ্লাইট বাতিল করতে হবে। টিকে থাকতে এবং কার্যক্রম সচল রাখতে আমরা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি হস্তক্ষেপ এবং অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা কামনা করছি।
হোটেল বুকিংয়ের সুবিধা চালু করল উবার
উবার গ্রাহকরা এখন থেকে রাইড বুক করার মতোই সরাসরি অ্যাপের মাধ্যমে হোটেলও বুক করতে পারবেন। ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং ও যে কোনো দোকান থেকে কেনাকাটার জন্য একগুচ্ছ নতুন এআই ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি।
নিজেদের বার্ষিক পণ্য প্রদর্শনী ‘গো-গেট’ ইভেন্টে বুধবার এ আপডেট আনে প্লাটফর্মটি। রাত্রিযাপনের জায়গা খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এক্সপেডিয়ার সঙ্গে অংশীদারিত্বে এই আপডেট এনেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আজ থেকেই এ সুবিধাটি চালু হয়েছে। অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘হোটেলস’ বাটনে ট্যাপ করে এ সুবিধা নেওয়া যাবে। উবারে গন্তব্যস্থল লিখে দেওয়ার পর নিজের প্রয়োজন অনুসারে হোটেল খুঁজে পেতে ব্যবহারকারী বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে সাত লাখেরও বেশি হোটেলে বুকিং দেওয়ার সুযোগ মিলবে।
সন্তান জন্ম দিতে চাইলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থী। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।
দূতাবাস আরো জানায়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
জ্বালানি সংকটে কমেছে চীনা পর্যটকদের বিদেশ ভ্রমণ
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় চীনে আন্তর্জাতিক ভ্রমণ ব্যাহত হচ্ছে। এর ফলে ১ মে থেকে শুরু হওয়া পাঁচ দিনের শ্রমিক দিবস ছুটিতে অনেক চীনা নাগরিক বিদেশ ভ্রমণের পরিবর্তে দেশের ভেতরেই ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাভেল এজেন্সি ও শিল্প বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ধীরগতি ও স্থবির বেতন বৃদ্ধির পাশাপাশি এবার জ্বালানি সংকট পরিস্থিতি বিদেশ ভ্রমণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় গন্তব্যগুলোতে ভ্রমণ কমে গেছে। চীন থেকে ব্যাংকক, ফুকেট ও কুয়ালালামপুরসহ বিভিন্ন রুটে একাধিক এয়ারলাইন, যেমন এয়ার চায়না, চায়না ইস্টার্ন, স্প্রিং এয়ারলাইন্স ও এয়ারএশিয়া ফ্লাইট কমিয়েছে বা স্থগিত করেছে। ফলে যাত্রীদের বড় একটি অংশ ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।












