পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘কাপ্তাই হ্রদে দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদের ড্রেজিং শুরু হবে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে।’
মন্ত্রী বলেন, ‘কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্য কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে সন্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া দুর্গম বরকল উপজেলাসহ পার্বত্য যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে স্বল্প সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হবে বলেও ঘোষণা দেন।
বরকল উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান (মৌজা প্রধান), কারবারি (গ্রাম প্রধান) ও স্থানীয় এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, পার্বত্য মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্র চাকমা, বরকল ৪৫ বিজিবি ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।












