■ পর্যটন বিচিত্রা ডেস্ক
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি সফল করতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সামাজিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর সংস্থাগুলোকে এ কর্মসূচিতে যুক্ত হয়ে অবদান রাখার সুযোগ তৈরি করেছে সরকার।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) এক ঘোষণায় বলা হয়েছে, দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে গতিশীল ও টেকসই করতে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে কনসেপ্ট পেপার জমা দিতে বলা হয়েছে।
যোগ্যতার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, যেসব সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওর বৃক্ষরোপণ ও পরিচর্যায় পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তারা আবেদন করতে পারবে। পাশাপাশি, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মনিটরিং কার্যক্রম পরিচালনায় সক্ষম বিশেষ করে জিআইএস, রিমোট সেন্সিং-সমন্বিত ওয়েব ম্যাপভিত্তিক ড্যাশবোর্ড ও অ্যাপ তৈরিতে দক্ষ তাদেরও অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়েছে।
কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এ জন্য প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে তাদের কনসেপ্ট পেপার ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ইমেইল ঠিকানা হলো: [email protected]।











