■ পর্যটন বিচিত্রা ডেস্ক
পহেলা বৈশাখ মানেই বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন এক উদযাপন। আর এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত দেশের সংগীতাঙ্গন। নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট।
এবারের বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। উৎসবের দিন অর্থাৎ ১৪ এপ্রিল বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে অংশ নিতে।
কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।
জানা গেছে, এই কনসার্ট উপভোগ করতে হলে টিকিটের মাধ্যমে ভেন্যুতে এন্ট্রি নেওয়া হবে। বিষয়টি নিয়ে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ক্যাটেগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যার মূল্য ২০০ থেকে ৮৫০ টাকার মধ্যে। তবে ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে হলে দুই ক্যাটেগরির টিকিট নিতে হবে; যার দাম একটির দাম ৮০০, অন্য একটির দাম ৮৫০।












