■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
১৮ বছরে পা দিয়েছেন? ইউরোপ ঘোরার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্যই দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন। ‘ডিসকভার ইইউ’ কর্মসূচির আওতায় তরুণদের জন্য ফ্রি ট্রাভেল পাস দিচ্ছে তারা, যার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ মিলবে।
ইইউ জানিয়েছে, যেসব তরুণ-তরুণীর বয়স ১৮ বছর এবং যারা ইউরোপীয় ইউনিয়ন, ইরেসমাস+ বা সংশ্লিষ্ট দেশের বাসিন্দা, তারা এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করার শেষ সময় আগামী ২২ এপ্রিল ২০২৬।
নির্বাচিত আবেদনকারীরা পাবেন একটি বিশেষ ট্রাভেল পাস, যার মাধ্যমে তারা পরিবেশবান্ধব যানবাহনে বিশেষ করে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা এক মাসের মধ্যে সর্বোচ্চ ৭ দিন ভ্রমণের সুযোগ পাবেন। এই ভ্রমণ করা যাবে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭-এর মধ্যে যেকোনো সময়। শুধু ভ্রমণই নয়, নির্বাচিতরা পাবেন একটি ‘ডিসকাউন্ট কার্ড’, যার মাধ্যমে আবাসন, সংস্কৃতি, ক্রীড়া, স্থানীয় পরিবহনসহ নানা ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। এমনকি যারা শারীরিক প্রতিবন্ধকতা বা স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ভ্রমণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
ইইউ বলছে, তরুণদের সহায়তা করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই কর্মসূচি ইরেসমাস+-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য তরুণদের ইউরোপের বৈচিত্র্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচিত করা এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করা। যারা ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি হতে পারে জীবনের অন্যতম সেরা সুযোগ।
বিস্তারিত জানতে ক্লিক করুন












