বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) শুরু হওয়া এই কোর্স চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এ কোর্সের মূল লক্ষ্য দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএও প্রত্যয়নপ্রাপ্ত প্রশিক্ষক এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান মিয়াজী, উপ-পরিচালক (এটিএম), সিভিল এভিয়েশন একাডেমি।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী আয়োজিত এই কোর্সে বেবিচক এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা আইসিএও নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং আইসিএও কর্তৃক সনদ লাভ করবেন, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।












