■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সাথে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত এক করপোরেট ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের সেবা প্রদান ও আতিথেয়তার মাধ্যমে এ প্রতিষ্ঠান দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে।’ পবিত্র রমজান মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এ ধরনের ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশ সিভিল অথরিটি-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।












