■ পর্যটন বিচিত্রা ডেস্ক
ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ পাঁচটি শহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। পাশাপাশি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমেও সাইবার হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে হামলার জবাবে ইসরায়েল এবং আশপাশের এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। আকাশপথে নিরাপত্তা ঝুঁকি এড়াতেই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।












