■ পর্যটন বিচিত্রা ডেস্ক
দেশের বিমান খাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, হজযাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। এ ছাড়া, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, হজযাত্রী সেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আফরোজা খানম।
জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাও জানান মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া, বিমানের টিকিট সিন্ডিকেট রুখতেও কাজ করার কথা বলেন তিনি।
পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ অন্যরা।












