■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজাধানীর আব্দুল গণি রোডে অবস্থিত রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কিভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করতে বলেন এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহন করবেন বলে জানান।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ এমপি ও মো. রাজীব আহসান এমপি মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময়সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












