■ পর্যটন বিচিত্রা ডেস্ক
বাংলাদেশ ও নেপাল পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত রবিবার (৮ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী নেপালের সাম্প্রতিক সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটিকে অভিনন্দন জানান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ পর্যটন, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের মানুষের মধ্যে আরও বেশি যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়াতে পর্যটন সংযোগ সম্প্রসারণের গুরুত্বের ওপরও তারা জোর দেন।
এছাড়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উভয়পক্ষ উল্লেখ করেন।












